রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেছেন শফিকুর আলম। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আলোচনার বিষয়ে জানতে চাইলে শফিকুর আলম বলেন, যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে, আমরা কখন নির্বাচন চাই। জবাবে তিনি জানান, সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজনের জন্য এ বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের সময়কাল উল্লেখ করেছেন। তবে শফিকুর আলম বলেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষাকাল, ঝড়-জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্বাচনের সম্ভাবনা বাধাগ্রস্ত হতে পারে। তাই রমজানের আগেই নির্বাচন আয়োজনের পক্ষে মত দেন তারা।
তিনি আরও বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক ও বৈদেশিক নীতির বিষয়ে আগ্রহ দেখানো হয়। রিজিওনাল ইস্যু, সংখ্যালঘুদের অধিকার, নারী অধিকার এবং শ্রম অধিকার নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে আমরা খোলামেলা বক্তব্য দিয়েছি।
শফিকুর আলম জানান, যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়েছে, বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে মার্কিন আরোপিত ৩৭ শতাংশ ট্যারিফ পুনর্বিবেচনা করতে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াবে।
বৈঠকে আওয়ামী লীগের বিচার নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা ন্যায়বিচারের ভিত্তিতে বিচার চেয়েছি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মিয়া গোলাম পরোয়ার।