ভোট ছাড়া ক্ষমতায় নয়: ড. ইউনূস ইস্যুতে স্পষ্ট বার্তা মান্নার

রাজনীতি
নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, "প্রফেসর ইউনূস কীভাবে পাঁচ বছর ক্ষমতায় থাকবেন? তিনি আদৌ ক্ষমতায় এলেন কীভাবে?"

রবিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের (বর্তমানে ভাসানী জনশক্তি পার্টি) আয়োজিত এক আলোচনা সভায় মান্না এ প্রশ্ন তোলেন।

তিনি বলেন, "একটা বিশেষ পরিস্থিতির কথা বলা হচ্ছে, যার মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন। কিন্তু ইতিহাস বলে, এই ধরনের 'বিশেষ পরিস্থিতি' খুব বেশি দিন থাকে না। আইয়ুব খান, এরশাদ বা এক-এগারোর সময়েও একই কথা বলা হয়েছিল। সময়ের সঙ্গে পরিস্থিতি পাল্টে যায়।"

ড. ইউনূসের জনপ্রিয়তা প্রসঙ্গে মান্না সতর্ক করে বলেন, "আজকে যাকে সবাই জনপ্রিয় ভাবছে, তিন মাস পরে সেই ব্যক্তি যদি জনগণের চোখে অপ্রিয় হয়ে যান, তাহলে দেশের ক্ষতি হবে।"

ড. ইউনূস নিজেও ক্ষমতায় থাকার আগ্রহ প্রকাশ করেননি বলেও মন্তব্য করেন মান্না। তিনি বলেন, "একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন, এই কাজটি তার নয়। তিনি তার মূল কর্মক্ষেত্রে ফিরে যেতে চান।"

তাঁর মতে, যদি কেউ মনে করেন ড. ইউনূসকে ক্ষমতায় রাখা দরকার, তবে তাকে রাজনৈতিক দল গঠন করে ভোটের মাঠে আসার আহ্বান জানান মান্না। তিনি বলেন, "জনপ্রিয়তা থাকলে ভোটে জিতেই আসুন। না হলে একটা ভালো নির্বাচন দিন, সম্মানের সঙ্গে সরে দাঁড়ান।"

মান্না আরও বলেন, "সস্তা জনপ্রিয়তা দিয়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি ঘোলাটে করা ঠিক নয়। ড. ইউনূসের যোগ্যতা থাকলে তা বিকল্পভাবে কাজে লাগানো যেতে পারে।"

তিনি মনে করেন, জুলাই-আগস্টের ‘অভ্যুত্থান চেষ্টা’ ব্যর্থ হয়েছে, তবে তার শিক্ষাগুলো এখনো পুরোপুরি সমাজে প্রতিফলিত হয়নি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে ভাসানী অনুসারী পরিষদের নাম পরিবর্তন করে ‘ভাসানী জনশক্তি পার্টি’ রাখা হয়। নতুন দলের চেয়ারম্যান হয়েছেন শেখ রফিকুল ইসলাম এবং মহাসচিব হয়েছেন আবু ইউসুফ সেলিম।