দিনাজপুরের ঘোড়াঘাটে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "নির্বাচনের আগে কেউ যদি আপনার পকেটে ৫০০ বা ১ হাজার টাকা গুঁজে দিয়ে ভোট চায়, তাহলে তা সরাসরি তার মুখে ছুড়ে মারুন। কারণ, সে ব্যক্তি আপনার ভোটাধিকার হরণ করতে চায়।"
আজ মঙ্গলবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে আয়োজিত এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন। দিনাজপুর জেলার ছয় উপজেলায় এনসিপির ধারাবাহিক পথসভা ও প্রচারপত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সারজিস আলম আরও বলেন, “নির্বাচনের সময় সামান্য টাকা দিয়ে যারা আপনাকে কিনতে চায়, তারা পরবর্তী পাঁচ বছর ধরে আপনাকে নিঃস্ব করে দেবে। ভোটের সময় নিজের বিবেককে জাগিয়ে তুলুন—এটাই নতুন বাংলাদেশের ভিত্তি হতে হবে।”
পথসভায় তিনি স্মরণ করেন স্বাধীন বাংলাদেশের জন্য জীবন উৎসর্গকারীদের কথাও। বলেন, “এই স্বপ্ন বাস্তবায়নে এক হাজারেরও বেশি মানুষ শহিদ হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই ছিলেন ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোর। আমরা সেই ত্যাগ বৃথা যেতে দিতে পারি না।”
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি অন্যায়কে অন্যায় বলতে না পারেন, তাহলে অন্যায়ই জয়ী হবে। যেমনটি আমরা আজ হাসিনার শাসনামলে দেখছি। আমরা চাই না কেউ আর ‘হাসিনা’ থেকে রূপান্তরিত হয়ে ‘খুনি হাসিনা’ হয়ে উঠুক।”
সভায় আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা—যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, সাদিয়া ফারজানা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ, ইমামুর রশিদ ও আল মেহরাজ শাহরিয়ার। পথসভা শেষে নেতারা স্থানীয় জনগণের মাঝে প্রচারপত্র বিতরণ করেন।