ভোটের সংখ্যানুপাতে (পিআর) পদ্ধতির বিকল্প নেই সুষ্ঠু নির্বাচনের জন্য — আব্দুল্লাহ তাহের

রাজনীতি
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটের অনুপাতে সংসদে আসন বণ্টনের (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) কোনো বিকল্প নেই।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ে শহীদ, আহত ও পঙ্গুদের স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, “যারা সত্যিকার অর্থে ফ্যাসিবাদ রোধে সহযোগিতা করছে না, তারাও পরোক্ষভাবে ফ্যাসিবাদ কায়েমে ভূমিকা রাখছে। যারা আগে থেকেই বলে দেয় তারা সংসদে ২৮০ আসন পাবে, তারাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রধান বাধা। তারা আসলে হাসিনা ধরনের একটি সাজানো নির্বাচন চায়।”

তিনি আরও বলেন, “ভোট ডাকাতির সুযোগ না থাকায় অনেকেই পিআর পদ্ধতি ভয় পায়। কিন্তু প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এ পদ্ধতিই প্রয়োজন। নির্বাচন নিরপেক্ষ না হলে দেশের জন্য তা হবে বিপজ্জনক। তখন মতপ্রকাশের স্বাধীনতা হারিয়ে যাবে এবং রাষ্ট্রীয় নিপীড়ন বাড়বে।”

১৯৭১ সালের স্বাধীনতার প্রসঙ্গ টেনে ডা. তাহের বলেন, “তৎকালীন পাকিস্তানি শাসকদের হাত থেকে আমরা মুক্তি পেলেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি বলে দেশে জুলুম-অবিচার ছিলই। তবে ২০২৪ সালে জাতি আওয়ামী ফ্যাসিবাদ থেকেও মুক্তি পেয়েছে। এই অর্জিত স্বাধীনতা যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে যে নতুন বাংলাদেশ গড়ে উঠছে, তা মৌলিক পরিবর্তন চায়। বিএনপিসহ তিনটি দল ছাড়া প্রায় সব রাজনৈতিক দলই শর্তহীনভাবে প্রধানমন্ত্রী পদের মেয়াদ ১০ বছরে সীমাবদ্ধ করতে চায়। যার উদ্দেশ্য খারাপ, তিনি কখনোই মহৎ লক্ষ্যকে সমর্থন করতে পারেন না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আব্দুস সবুর ফকির। অংশ নেন মহানগর নেতারা এবং আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা।