ভারতের আধিপত্য নয়, চাই সমতা ও সম্মানপূর্ণ সম্পর্ক: লালমনিরহাটে জামায়াত আমির

রাজনীতি
লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত এক জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ আর ভারতের আধিপত্য মেনে নেবে না। তিনি জোর দিয়ে বলেন, “আমরা প্রতিবেশী হিসেবে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সম্প্রীতির ভিত্তিতে সহাবস্থান চাই। আমাদের কল্যাণ কেড়ে নিয়ে কেউ টিকতে পারবে না, ভারতের উচিত সেটি ভেবে দেখা।”

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে হাসিনুর রহমান নিহত হয়েছেন। ঠান্ডা মাথায় তাকে গুলি করে হত্যার পর লাশ টেনে নিয়ে গেছে। আমাদের বিজিবি কখনো এভাবে সীমান্ত লঙ্ঘন করে না, কারণ আমরা প্রতিবেশীর স্বাধীনতা ও সম্মান রক্ষা করি। একই সম্মান আমরা প্রত্যাশা করি ভারতের কাছ থেকেও।”

তিস্তা চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “উত্তরাঞ্চলের মানুষ প্রতি বছর পানি সংকটে ভোগে। তিস্তা নিয়ে কোনো চাপ বা চোখ রাঙানো গ্রহণযোগ্য নয়। মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে।”

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে জামায়াত আমির জানান, “আমরা চেয়েছি শান্তিপূর্ণ বাংলাদেশ। ১৫ দিন ধরে সব ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়ে প্রমাণ করেছি, ধর্ম নিয়ে কারও প্রতি বিদ্বেষ নেই। কিন্তু ফ্যাসিস্ট আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছিল, তার দায় নিতে হবে যারা ‘মায়া কান্না’ করে, কিন্তু নিজেরাই জড়িত ছিল।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের আগে দুইটি শর্ত মানতেই হবে, একটি, হত্যাকারীদের বিচার, আরেকটি প্রয়োজনীয় সংস্কার। তা না হলে জনগণ নির্বাচন মেনে নেবে না।”

সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের। বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতা-কর্মী এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের সভাপতি পুস্পজিৎ বর্মণ। প্রায় ৫০ হাজার মানুষ এই জনসভায় অংশগ্রহণ করেন।