বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। তিনি এক সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন।
আজ রোববার, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক যৌথ শোকবাণীতে বলেন, ‘ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যুতে দেশ একজন খ্যাতিমান আইনজীবী, রাজনীতিবিদ এবং অভিভাবককে হারাল। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এছাড়া, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদও শোকবার্তা দিয়েছেন। তাঁরা বলেছেন, “ব্যারিস্টার আবদুর রাজ্জাকের মৃত্যু বাংলাদেশের আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামিপক্ষের প্রধান কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালে জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা হয়েছিলেন, তবে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এই দলেরও পদত্যাগ করেন।
এবি পার্টির দুই শীর্ষ নেতা শোকবার্তায় বলেন, “আবদুর রাজ্জাক আশির দশকের পর থেকে সুপ্রিম কোর্টে আইনের পেশায় সম্মানের সঙ্গে কাজ করেছেন। তিনি বহু গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করে আইনের শাসন প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অবদান রাখেন। ব্যক্তিগত জীবনে মিষ্টভাষী, সমাজ পরিবর্তনে আগ্রহী এবং স্পষ্টবাদী মানসিকতার শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি।”
এবি পার্টির নেতারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানায়।