বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কর্মকাণ্ড নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

রাজনীতি
বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর যেকোনো রকম প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, গণমাধ্যমে প্রকাশনা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এই পদক্ষেপ নেওয়া হয়েছে সদ্য জারি হওয়া সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী। সংশোধিত আইনে সরকার এখন কোনো সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার এখতিয়ার রাখে।

এর আগে শনিবার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন, যাতে কোনো রাজনৈতিক দল বা তার সহযোগীদের শাস্তি দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সভায় ৩০ কার্যদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্তও নেওয়া হয়।