বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠক ‘আশার আলো’— মন্তব্য বিএনপি মহাসচিবের

রাজনীতি

বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যকার সাম্প্রতিক বৈঠককে ‘আশার আলো’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, এ বৈঠক আঞ্চলিক কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি ইতিবাচক ইঙ্গিত বহন করে।

শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঈদ উপলক্ষে ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে যে বৈঠকটি হয়েছে, তা অত্যন্ত আনন্দের বিষয়। আমরা মনে করি, ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এই আলোচনা বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আশার সঞ্চার করছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছিল, এই বৈঠকের মাধ্যমে সেই উত্তেজনা প্রশমিত হতে পারে। আমার যতটুকু পর্যবেক্ষণ, তাতে মনে হয়েছে— উভয় নেতা আন্তরিক ছিলেন এবং এটি নিঃসন্দেহে দু’দেশের মানুষের কল্যাণে কাজে আসবে।”

ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।