বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও বহুজাতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় সাম্প্রদায়িক সম্প্রীতি আজ বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সামাজিক উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, "বাংলাদেশের মাটি ও মানুষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের যে চিরন্তন বাণী প্রবাহিত, তা আমাদের লোকজ ঐতিহ্যেরই প্রতিফলন। এই দেশে বসবাসরত প্রত্যেক জাতিগোষ্ঠী, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধানে নির্ধারিত মৌলিক অধিকারগুলো রক্ষার বিষয়ে আমরা আপসহীন।"
তিনি আরও বলেন, "মানবিকতা, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমরা একটি সুশীল সমাজ গঠনে বিশ্বাস করি, যেখানে সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।"