বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে জাতীয় কনসেনসাস পার্টি (এনসিপি) অগ্রণী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত তিন দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের পর। সম্মেলনে অংশগ্রহণকারী দেশি–বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় অংশ নেয় এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত করতে চাই। বিগত ১৫ বছরে অর্থনীতিতে যে নীতি জটিলতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন—এ কথা বিনিয়োগকারীরা স্পষ্ট করে বলেছেন। আমরা সেই প্রতিশ্রুতি তাদের দিয়েছি।”
তিনি জানান, ব্যবসাবান্ধব পরিবেশ সূচকে বাংলাদেশের অবস্থান ৫০-এর মধ্যে নিয়ে আসার লক্ষ্য নিয়েছে এনসিপি। এছাড়া বর্তমানে ১.৩ বিলিয়ন ডলারের বার্ষিক সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনাও তাদের রয়েছে।
নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ ৩০ শতাংশে উন্নীত করার প্রত্যাশা প্রকাশ করে তিনি বলেন, “আমরা কৃষিপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং সুনীল অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও জোর দিয়েছি।”
বিনিয়োগকারীরা অতীতে প্রশাসনিক জটিলতা ও নীতির অসঙ্গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উল্লেখ করে তিনি বলেন, “আমরা ওয়ান-স্টপ সেবা চালু করার প্রতিশ্রুতি দিয়েছি। একইসঙ্গে ব্যবসার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করেছি।”
মাদ্রাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়েও এনসিপি কাজ করছে বলে জানান নাসীরুদ্দীন। তিনি বলেন, “আরবি ভাষায় দক্ষ মাদ্রাসাছাত্রদের জন্য মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের নজর আকর্ষণের চেষ্টা করেছি।”
সংবাদ সম্মেলনে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিনিয়োগের এমন সম্ভাবনাময় সময়ে ঠাট্টা-উপহাস না করে দেশের ভবিষ্যতের কথা ভাবা উচিত।”
বিরোধী দলে গেলে এনসিপি হরতাল-অবরোধের মাধ্যমে ব্যবসার পরিবেশ নষ্ট করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার ও বিরোধী দল মিলেই রাষ্ট্র। আমরা সব সময়ই ব্যবসাবান্ধব পরিবেশের পক্ষে থাকব।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল।