বরিশাল সিটি নির্বাচনে ফলাফল বাতিল ও চরমোনাই পীরকে বিজয়ী ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলনের মামলা

রাজনীতি
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩-এ ঘোষিত ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)-কে প্রকৃত বিজয়ী ঘোষণার দাবিতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ দাবিতে বরিশালের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়।

২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম ও সহিংসতার অভিযোগ এনে মামলার আরজিতে বলা হয়, নির্বাচনের দিন সারা শহরজুড়ে আতঙ্ক তৈরি করে সুষ্ঠু ভোটগ্রহণ ব্যাহত করা হয়। হাতপাখা প্রতীকের এজেন্টদের বুথ থেকে মারধর করে বের করে দেওয়া হয় এবং প্রার্থী ফয়জুল করীমের ওপরও হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করা হয়।

আরজিতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে ভোট জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে ৮৭,৮০৮ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়, যেখানে হাতপাখার প্রার্থীকে ৩৩,৮২৮ ভোটে দ্বিতীয় দেখানো হয়। কিন্তু ভোটাররা যদি শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন, তাহলে হাতপাখা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করেছে, সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা ২০২১-এর ৯১ বিধির অধীনে তারা এই মামলা করেছে এবং ঘোষিত ফলাফল বাতিল করে প্রকৃত বিজয়ী হিসেবে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বিজয়ী ঘোষণার দাবি জানিয়েছে।