বরিশাল সিটি নির্বাচনের মামলা: ফয়জুল করীমের রিটে আদালতের সিদ্ধান্ত ৫ মে

রাজনীতি
বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদের ফল বাতিল করে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমকে বিজয়ী ঘোষণা চেয়ে দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি নির্বাচন ট্রাইব্যুনাল। আদালত বৃহস্পতিবার মামলার শুনানির নির্ধারিত দিনে নতুন করে তারিখ নির্ধারণ করে ৫ মে ধার্য করেছেন। তবে আদালত তারিখ পিছিয়ে দেওয়ার কোনও কারণ জানাননি বলে জানিয়েছেন ফয়জুলের আইনজীবী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসের।

মামলার এই তারিখে আদালতপাড়ায় জড়ো হন ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী। সকালেই নগরীর অশ্বিনী কুমার হল এলাকা থেকে একটি গণমিছিল বের হয়ে শেষ হয় আদালত সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউতে, যেখানে উপস্থিত জনতার কারণে যান চলাচল বিঘ্নিত হয়।

২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ফয়জুল করীম, যিনি পান ৩৩ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, যিনি পান ৮৭ হাজার ৮০৮ ভোট। আবুল খায়ের শেখ হাসিনার ফুফাত ভাই হিসেবে পরিচিত।

ফয়জুল কারচুপির অভিযোগ তুলে গত ১৭ এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। একই দাবিতে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপসও ২৪ এপ্রিল আরেকটি মামলা দায়ের করেছেন।

৫ মে মামলার পরবর্তী শুনানিতে আদালত মামলাটি গ্রহণযোগ্য কি না—সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।