জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী শাসনব্যবস্থা এখনো টিকে আছে। এই ফ্যাসিস্ট কাঠামো, মাফিয়াতন্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এনসিপি গণমানুষের রাজনৈতিক শক্তি হিসেবে লড়াই করে যাবে।"
বুধবার কুড়িগ্রামের ঘোষপাড়ায় আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিনের পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, “নতুন বাংলাদেশে মাফিয়া কিংবা চাঁদাবাজদের সরকার গঠনের কোনো সুযোগ থাকবে না।”
পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “অতীতে স্বৈরাচাররা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, খুন ও ধর্ষণের মতো অপরাধীরা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেছে, ধর্মীয় নেতাদের হেয় করা হয়েছে। তবে নতুন বাংলাদেশে এ ধরনের অপশক্তির আর কোনো স্থান থাকবে না।”
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, কিন্তু আমাদের লড়াই এখানেই শেষ নয়। বাংলার মাটিতে যেন আর কোনো ফেরাউন ফিরে আসতে না পারে, সেই লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
পথসভা শেষে কুড়িগ্রাম-২ আসনে এনসিপির পক্ষ থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ড. আতিক মুজাহিদের নাম ঘোষণা করা হয়। এরপর পদযাত্রাটি লালমনিরহাটের দিকে যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও কৈলাশ রবিদাস প্রমুখ।