পিরোজপুরে জামায়াত প্রার্থী শামীম বিন সাঈদীর প্রতিশ্রুতি — “সব ধর্মের মানুষ মিলে একসাথে থাকতে চাই”

রাজনীতি
পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ শামীম বিন সাঈদী বলেছেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান—সবাই একই পরিবারের সদস্য। তিনি বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে কোনো ধর্মের মানুষই বৈষম্যের শিকার হবে না। যেমন আমরা মসজিদ পাহারা দিই, তেমনি মন্দিরও পাহারা দেব। আমরা সবাই বাংলাদেশি।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি বন্দরে জামায়াতে ইসলামীর অফিসে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম বিন সাঈদী আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে জামায়াতে ইসলামী কখনও অমুসলিমদের ওপর নির্যাতন চালায়নি বা তাদের জমি-বাড়ি দখল করেনি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমপি থাকা অবস্থায় এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষ যেমন কুসুম ডিমের ভেতর নিরাপদ থাকে, তেমনি নিরাপদেই ছিলেন।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামকে পাকিস্তানের সঙ্গে তুলনা করা হয়, যা সঠিক নয়। দলটি কখনও পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বা রাজনৈতিক যোগাযোগ রাখে না। মুসলিম লীগই ছিল রাজাকার, জামায়াত নয়। ইসলামের কথা বললেই কেউ রাজাকার হয়ে যায় না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি মো. গোলাম আযম আছলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সাইদুর রহমান, মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল হালিম ও মো. মাসুম বিল্লাহ প্রমুখ।

সভায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন দিলিপ সিকদার বুলু, নারায়ন চন্দ্র ডাকুয়া, বাবু তাপস মজুমদার, সমির বাবু, মানিক সরকার, কার্তিক সাহা, অসীম কর্মকার, জহর লাল সাহা ও অসীম কুমার সাহা প্রমুখ।