আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই শঙ্কা প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, “জনমনে প্রশ্ন উঠেছে— নির্বাচন আদৌ সময়মতো হবে কি না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেন কোনো অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো অবস্থা তৈরি না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংঘাত, অপপ্রচার ও নানা অপকৌশল চালানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “কৌশল ও অপকৌশলের পার্থক্য বুঝে চলতে না পারলে, আমরা নিজেরাই প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারি।”
বিএনপির পক্ষ থেকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তারেক রহমান জানান, খুব শিগগিরই ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে ব্যক্তিগত মতভেদ ভুলে সেই প্রার্থীকে মেনে নিতে হবে। দেশ ও জনগণের স্বার্থে দলের সিদ্ধান্তই সর্বাধিক গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে।