নির্বাচনের রোডম্যাপ এখনই জরুরি: আন্দালিব রহমান পার্থ

রাজনীতি

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন সম্পন্ন করা সম্ভব। তিনি বলেন, জনগণ এখন নির্দিষ্ট একটি নির্বাচনী রোডম্যাপ চায়, এবং সরকারের উচিত অবিলম্বে সেই দাবির প্রতি মনোযোগ দেওয়া।

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিজেপির দশ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়, যার নেতৃত্ব দেন পার্থ নিজে। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন মহাসচিব আবদুল মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ প্রমুখ। বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

আন্দালিব রহমান পার্থ বলেন, “৭ আগস্ট থেকে আমরা বারবার বলে আসছি, এখন জরুরি হচ্ছে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা। সংস্কার চলমান প্রক্রিয়া—আমরাও সংস্কারের পক্ষে। তবে বড় সংস্কার জনগণের ম্যান্ডেট ছাড়া টেকসই হয় না। তাই নির্বাচন আগে, তারপর বৃহৎ সংস্কার। আমরা চাই, একটি সনদের মাধ্যমে সবাই ঐকমত্যে পৌঁছাই। সংক্ষিপ্ত সংস্কারের বিষয়গুলো একত্র করে একটি চুক্তিতে সই করা যেতে পারে।”

পার্থ আরও বলেন, “গত ১৬-১৭ বছর দেশের মানুষ প্রকৃত নির্বাচন দেখেনি। ২০১৪ সালের পর থেকে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন মানুষের আকাঙ্ক্ষা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান। আমরা বিশ্বাস করি, এই সরকার আমাদের আন্দোলনের ফল, ছাত্র-জনতার আন্দোলনের সরকার। তবে এটা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এরপরও, অতীতে যেমন ছিলাম, ভবিষ্যতেও জনগণের স্বার্থে পাশে থাকবো।”