দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, “অহেতুক বিলম্ব না করে জাতির প্রত্যাশা পূরণের লক্ষ্যে সংস্কার কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে, এরপর অবিলম্বে নির্বাচন আয়োজনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত।”
প্যালেস্টাইনের প্রসঙ্গ টেনে অধ্যাপক পরওয়ার আরও বলেন, “ইসরায়েল গাজায় নারী ও শিশুদের হত্যার মাধ্যমে যে বর্বরতা চালাচ্ছে, তা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। বিশ্ববাসীর সামনে ইসরায়েল এখন এক কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। এই সন্ত্রাসী রাষ্ট্রকে প্রতিরোধে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
শিবিরে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। আরও উপস্থিত ছিলেন ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।