নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ প্রয়োজন: ইশরাক হোসেন

রাজনীতি
বিএনপির নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মোড়ে চলমান অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান।

তিনি বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের হস্তক্ষেপের কারণেই তিনি এখনো মেয়র হিসেবে শপথ নিতে পারছেন না। আদালতের রায়ে মেয়র হিসেবে তার পক্ষে রায় এলেও, সরকারপক্ষ থেকে শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

ইশরাক বলেন, “এই আন্দোলন কোনো ব্যক্তিগত পদ-পদবির জন্য নয়। এটি বৃহত্তর একটি প্রশ্ন, বাংলাদেশে আমরা একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন পাব কি না, তা আজকের আন্দোলনের মধ্য দিয়ে নির্ধারিত হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “এই দুই উপদেষ্টার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। কিন্তু তারা যদি কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেন, তবে সরকারে থেকে দায়িত্ব পালন করা তাদের উচিত নয়। তারা যেন স্বেচ্ছায় পদত্যাগ করে নিজ নিজ দলের সাংগঠনিক দায়িত্বে ফিরে যান, সেটিই কাম্য।”

২০২০ সালের ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হন ইশরাক। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২5 সালের ২৭ মার্চ আদালতের রায়ে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করা হয়। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে। কিন্তু এখনও তিনি শপথ নিতে পারেননি।

ইশরাক হোসেন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ইসির পক্ষ থেকে চিঠি পাঠানো হলেও, এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তিনি ও তার সমর্থকেরা ১৪ মে থেকে নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, “সরকার যদি সত্যিই নিরপেক্ষতা বজায় রাখতে চায়, তাহলে এখনই পদক্ষেপ নিতে হবে। এই আন্দোলন শুধু আমার ন্যায্য অধিকারের জন্য নয়, এটি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই।”

ইশরাক হোসেন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, “সাময়িক বাধা দিয়ে জনগণের অধিকার দমন করা যাবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করেই ছাড়ব।”