জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এ মামলা করা হয়।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি গ্রহণ করে মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি বাদীপক্ষের আইনজীবী মাহাদী হাসান জুয়েল নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও দলের নেতাদের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করেছেন।
এতে আরও বলা হয়, গত ১ নভেম্বর এক বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে বলেন,
“জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুণ্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে—নয়ন। তিনি একাই এত চাঁদাবাজি ও দুর্নীতি করেছেন যে, সেই টাকা দিয়েও বাংলাদেশে গণভোট সম্ভব। আমরা ওনাদের জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেয়েছি, কিন্তু কাজ হয়নি। এখন মনে হয় বুড়িগঙ্গার পানি দিয়েই পরিষ্কার করতে হবে।”
বাদীপক্ষের দাবি, উক্ত বক্তব্যের মাধ্যমে বিএনপি ও যুবদলের নেতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে, যা মানহানিকর অপরাধের শামিল।