নারীর নিরাপত্তা ও নেতৃত্বে পাঁচ দফা কর্মপরিকল্পনা প্রকাশ করলেন তারেক রহমান

রাজনীতি
নারীর নিরাপত্তা ও নেতৃত্বে পাঁচ দফা কর্মপরিকল্পনা প্রকাশ করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের নিরাপত্তা, ক্ষমতায়ন ও নেতৃত্ব নিশ্চিত করতে পাঁচ দফা অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার নিজের ৬১তম জন্মদিন উপলক্ষে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব উপস্থাপন করেন। পোস্টে তিনি স্ত্রী ও কন্যার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন।

তারেক রহমান লিখেছেন, দ্রুত বদলে যাওয়া ডিজিটাল বিশ্ব জীবনযাপন থেকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা—সর্বত্রই গভীর প্রভাব ফেলছে। প্রযুক্তিগত অগ্রগতি যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি বাড়ছে নতুন চ্যালেঞ্জও। বিশেষ করে অনলাইন এবং অফলাইনে নারীদের প্রতি সহিংসতা ও হয়রানির প্রবণতা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, নারীরা ভয়মুক্তভাবে সমাজ ও কর্মক্ষেত্রে অংশ নিতে না পারলে দেশের অগ্রগতি ব্যাহত হবে।

নারীর নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পাঁচটি জরুরি পদক্ষেপের কথা উল্লেখ করেন—
১. দ্রুত সহায়তা নিশ্চিত করতে জাতীয় অনলাইন সেফটি সিস্টেম গড়ে তোলা,
২. জনজীবনে সক্রিয় নারীদের জন্য বিশেষ সুরক্ষা প্রোটোকল প্রণয়ন,
৩. শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে শিক্ষা বাধ্যতামূলক করা,
৪. কমিউনিটি পর্যায়ে সহিংসতা প্রতিরোধ কাঠামো শক্তিশালী করা,
৫. নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধিতে বিস্তৃত কর্মসূচি গ্রহণ।

তারেক রহমান বিশ্বাস করেন, নারীরা নিরাপদ, সমর্থিত ও ক্ষমতায়িত হলে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে।