নতুন রাজনৈতিক মঞ্চে ইলিয়াস কাঞ্চন: 'জনতার পার্টি বাংলাদেশ'র ঘোষণা ২৫ এপ্রিল

রাজনীতি
দেশের জনপ্রিয় চিত্রনায়ক ও সামাজিক আন্দোলনকর্মী ইলিয়াস কাঞ্চন এবার রাজনীতির মাঠে পা রাখছেন। দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা এই তারকা এবার নিজেই একটি নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন। দলটির নাম— ‘জনতার পার্টি বাংলাদেশ’।

আগামী ২৫ এপ্রিল রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। বিষয়টি ইলিয়াস কাঞ্চন নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

অভিনয়ের পাশাপাশি ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের মাধ্যমে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা রেখেছেন। শুধু সড়ক নিরাপত্তা নয়, সমাজের বিভিন্ন অনিয়ম ও অবক্ষয়ের বিরুদ্ধেও সরব ছিলেন তিনি। ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ইস্যুতেও তাকে রাজপথে দেখা গেছে প্রতিবাদী কণ্ঠে।

প্রসঙ্গত, ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে রাজনৈতিক অঙ্গনে একের পর এক নতুন দলের আত্মপ্রকাশ ঘটছে। ইতোমধ্যে ডজনখানেক দল আত্মপ্রকাশ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ইলিয়াস কাঞ্চনের 'জনতার পার্টি বাংলাদেশ'।

এই উদ্যোগে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে তার উপস্থিতি। অনেকেই কৌতূহলী— সিনেমার নায়ক এবার কতটা সফল হতে পারেন রাজনীতির মঞ্চে।