তিস্তা রক্ষা আন্দোলনে বিএনপির দৃঢ় প্রতিজ্ঞা: পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে বৃহত্তম গণপদযাত্রা

রাজনীতি
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুর নগরে আয়োজিত গণপদযাত্রায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “পানি কখনো মারণাস্ত্র হতে পারে না, কিন্তু ভারত সেটাই করেছে।” তিনি অভিযোগ করেন, ভারত তিস্তা নদীসহ দেশের ৫৪টি অভিন্ন নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে সংকটের মুখে ঠেলে দিয়েছে।

রবিবার বিকেলে রংপুরের শাপলা চত্বরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী জেলা বিএনপি।

মির্জা আব্বাস বলেন, “আজকের এই আন্দোলন শুধু তিস্তার জন্য নয়, বরং দেশের সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের সংগ্রাম। ভারতের কাছে অনেক দেনা-পাওনা রয়েছে। প্রয়োজনে হিসাব করেই সবকিছুর জবাব দিতে হবে।”

তিনি বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, “সুরমার পানির অধিকারের পক্ষে কথা বলার কারণেই তাকে গুম করা হয়েছিল। এ থেকেই প্রমাণিত, প্রতিবাদী কণ্ঠ ভারত সহ্য করে না।”

আন্দোলনের ধারাবাহিকতায় রংপুরের পাঁচটি জেলায় ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ১১টি পয়েন্টে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী দুলু বলেন, “তিস্তা শুধু একটি নদী নয়, এটি আমাদের জীবনরেখা। তিস্তা মহাপরিকল্পনা এখনই বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি বরাদ্দ দেওয়া হলেও রংপুরবাসীর মৌলিক দাবি উপেক্ষিত রয়ে যাচ্ছে।”

সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শাপলা চত্বর থেকে একটি গণপদযাত্রা বের হয়, যা প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে জিলা স্কুল চত্বরে গিয়ে শেষ হয়।