তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিস্ট শাসন শেষ করব: মীর স্নিগ্ধ

রাজনীতি
বাংলাদেশে এখন পরিবর্তনের সময় এসেছে বলে মন্তব্য করেছেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই ও বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনার প্রতিষ্ঠিত ফ্যাসিস্ট শাসনব্যবস্থাকে চিরতরে বিলুপ্ত করা হবে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মীর স্নিগ্ধ বলেন, “আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশের তরুণদের রাজনীতির মূলধারায় আনব। তরুণ নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশের ভবিষ্যৎ গঠন হবে। তারেক রহমান ইতোমধ্যেই তরুণদের নেতৃত্বে আনতে বিস্তৃত কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন।”

তিনি আরও বলেন, তার পরিবার ছোটবেলা থেকেই বিএনপির আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতিতে অনুপ্রাণিত। “আমার বাবা ছিলেন দলের একজন নিবেদিত কর্মী। তাঁর কাছ থেকেই আমরা আপসহীনতার শিক্ষা পেয়েছি,” যোগ করেন তিনি।

জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময়ের প্রসঙ্গ টেনে মীর স্নিগ্ধ বলেন, “ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে আমরা কোনো আপস করিনি। আমার ভাই মুগ্ধ শহীদ হওয়ার পর সত্য প্রকাশ করতে গেলে আমাদের নানাভাবে হুমকি দেওয়া হয়েছে, গণভবনে ডাকারও চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা দমে যাইনি। যারা মুগ্ধকে হত্যা করেছে, তাদের সঙ্গে কখনো আপস করিনি এবং করব না।”

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।