ঢাকা-৮ এ প্রার্থী হতে এনসিপির মনোনয়ন ফরম নিলেন রিকশাচালক সুজন

রাজনীতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত রিকশাচালক মোহাম্মদ সুজন। গত জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে রিকশার ওপর দাঁড়িয়ে স্যালুট দেওয়ার তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা তাঁকে ব্যাপক পরিচিতি দেয়।

সুজন ঢাকা-৮ আসন থেকে মনোনয়ন চাইছেন। শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, রমনা ও শাহবাগ থানা নিয়ে গঠিত এই আসনটিতে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সুজন চূড়ান্ত মনোনয়ন পেলে আব্বাসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নির্ধারিত ফি পরিশোধ করে ফরম সংগ্রহ করেন সুজন। এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসার কাছ থেকে তিনি ফরম গ্রহণ করেন।

মনোনয়ন ফরম নেওয়ার পর সুজন জানান, তাঁকে নিয়ে নানা সমালোচনা হলেও এসব নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তাঁর কোনো রাজনৈতিক কর্মী না থাকলেও সাধারণ ছাত্র, শ্রমিক ও প্রবাসীদের সমর্থনই তাঁর বড় শক্তি বলে উল্লেখ করেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি করছে এনসিপি। সাধারণ ফরমের মূল্য ১০ হাজার টাকা হলেও ‘জুলাই যোদ্ধা’ ও স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা। বৃহস্পতিবার ছিল ফরম বিতরণের শেষ দিন। এনসিপি এখনো প্রার্থী চূড়ান্ত করার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।