ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

রাজনীতি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হতে যাচ্ছেন।

রবিবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় জানানো হয়, আজ বিকেল তিনটায় তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ বর্তমানে মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ধানমন্ডি থানার ভোটার হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা-১০ আসনের অন্তর্ভুক্ত হবেন।

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি, যদিও জামায়াতে ইসলামী ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী করেছে।

এর আগে আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন। এক সময় শোনা গিয়েছিল, তিনি সেখান থেকেই নির্বাচন করতে পারেন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে— বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে প্রার্থী হতে পারেন।

বিএনপি এখনও এ আসনে প্রার্থী ঘোষণা না করায় এবং আসিফ মাহমুদের ভোটার হওয়ার সিদ্ধান্তে সেই গুঞ্জন আরও জোরদার হয়েছে।