বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চলমান রাজনৈতিক সংস্কারের বিষয়ে আগামী এক মাসের মধ্যে ঐকমত্য তৈরি হলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব।
আজ (বুধবার) ঢাকায় সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো এক মাসের মধ্যেই শেষ করা সম্ভব। সে হিসেবেই ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়ার সুযোগ রয়েছে। আমরা নির্বাচন পেছানোর পক্ষে নই।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, ট্যারিফ নীতি ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপি নেতা বলেন, “তারা জানতে চেয়েছেন বিএনপির নির্বাচন ও অর্থনৈতিক নীতিমালা কী হবে। আমরা তাদের আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি।”
তিনি আরও বলেন, “দেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন স্থগিত হয়ে আছে। একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিলে এসব সিদ্ধান্ত দ্রুত নেওয়া সম্ভব হবে। এ কারণে সবাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে তাকিয়ে আছে।”
নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সংস্কারের বিষয়ে যে ঐকমত্য হবে, তা বাস্তবায়নের পরই নির্বাচন হবে। বাকি বিষয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তাদের অবস্থান তুলে ধরবে এবং পরবর্তী সংসদে তা বাস্তবায়নের জন্য ম্যান্ডেট চাইবে। ফলে নির্বাচন আর বিলম্বিত হওয়ার সুযোগ নেই।”