ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি, জুন পর্যন্ত সময়ের প্রস্তাবে আপত্তি

রাজনীতি
আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাবে একমত নয় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় এবং এর বাইরে অন্য কোনো সময়কে তারা মেনে নেবে না।

আজ শনিবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন সংস্কারে গতি আনার তাগিদ দেন, যার লক্ষ্য ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বক্তব্য জানালে বিএনপির প্রতিক্রিয়া আসে। সালাহ উদ্দিন আহমদ  বলেন, 'যদি উনি ডিসেম্বরেই নির্বাচনের লক্ষ্য নিয়ে এগোন, আমরা সেটিকে ইতিবাচকভাবে দেখব। তবে এই বিষয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে জাতিকে জানাতে হবে।'

তবে প্রেস উইং থেকে বক্তব্য সংশোধনের পর সালাহ উদ্দিন বলেন, 'ডিসেম্বর থেকে জুন সময়সীমা আমরা মানি না। আমরা চাই, নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হোক। প্রধান উপদেষ্টা আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে অনুযায়ী ঘোষণাও চাই আমরা।'

তিনি আরও বলেন, 'প্রধান উপদেষ্টাকে ১৬ এপ্রিল আমরা এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানাব। যদি তিনি সময়সীমা বাড়িয়ে থাকেন, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে তারা কোনো কর্মসূচি নেবে কি না।'