ডাকসু-জাকসুর জয়ের প্রতিচ্ছবি দেখা যাবে জাতীয় নির্বাচনে

রাজনীতি
রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী নেতাদের শুভেচ্ছা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

‘দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস’—এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জামায়াত আমির বলেন, “আগামী জাতীয় নির্বাচনের ফলাফল হবে ডাকসু, জাকসু, রাকসুর মতো। তরুণরা ককপিটে বসে দেশ চালাবে, আমরা পেছন থেকে তাদের শক্তি জোগাব।” তিনি তরুণ ছাত্রনেতাদের উদ্দেশে আহ্বান জানান—দেশ পরিচালনার যোগ্য নেতৃত্ব হিসেবে নিজেদের প্রস্তুত করতে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “তোমাদের নেতৃত্বেই পরিবর্তনের সূচনা হয়েছে। আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। কেউ জানতে চায়, ভবিষ্যতের দেশটা কেমন হবে—আমি বলি, অপেক্ষা করুন; যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়—তেমনই হবে আগামীর বাংলাদেশ।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, রফিকুল ইসলাম খানসহ বিভিন্ন প্রজন্মের ছাত্রনেতারা।

চার বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি–নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। এছাড়া জাকসুর এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা ও রাকসুর নির্বাহী সদস্য সুজন চন্দ্রও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও ছাত্রদলের কোনো নেতা অনুষ্ঠানে যোগ দেননি।