নির্বাচনী প্রচারণায় জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি ব্যবহারের বিষয়ে প্রচারিত সংবাদকে ‘ভুলভাবে উপস্থাপিত’ বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলের আইন সম্পাদক (যুগ্ম সদস্য সচিব) অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় তারা বিদ্যমান আইন অনুযায়ী মতামত তুলে ধরেছেন মাত্র; কোনো দল বা ব্যক্তিকে লক্ষ্য করে মন্তব্য করা হয়নি।
তিনি জানান, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ৭(চ)-তে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেবলমাত্র তার বর্তমান দলীয় প্রধানের ছবি প্রচারণার ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুনে ব্যবহার করতে পারবেন। এ নিয়ম অনুযায়ী বিএনপির ক্ষেত্রে দলীয় প্রধান হিসেবে কেবল খালেদা জিয়ার ছবিই ব্যবহারযোগ্য। বাস্তবে এই বিধান যথাযথভাবে অনুসৃত হচ্ছে না—এ বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার উদ্দেশ্যেই তারা উদাহরণ হিসেবে বিএনপির কথা উল্লেখ করেছেন।
অ্যাডভোকেট মুসা বলেন, “গণমাধ্যমের কিছু শিরোনাম এমনভাবে লেখা হয়েছে, যেন আমরা নির্দিষ্টভাবে জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি তুলেছি, যা সম্পূর্ণ ভুল বার্তা দেয়।”
বুধবার নির্বাচন কমিশনে এনসিপিসহ সাতটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠককে কেন্দ্র করে প্রকাশিত কিছু সংবাদে এনসিপির বক্তব্য ‘ভিন্নভাবে’ উপস্থাপিত হয়েছে বলেও তারা মন্তব্য করেছে।