জেল থেকে মুক্তির পরই গণপিটুনি: থানায় সোপর্দ সাবেক এমপি ডা. আব্দুল আজিজ
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পড়েন। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই উত্তেজিত জনতা তাকে ধরে বেধড়ক মারধর করে। রাত সাড়ে ৮টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এই সংসদ সদস্য বর্তমানে সিরাজগঞ্জ সদর থানা হেফাজতে রয়েছেন। ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তি ডা. আজিজকে ঘিরে ফেলেছে এবং তাকে জোরপূর্বক নিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান এলাকা থেকে র্যাব-২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে র্যাব-১২ এর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। ৪ ফেব্রুয়ারি তাকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিন মাস কারাভোগ শেষে তিনি জামিনে মুক্তি পান।