জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি: জামায়াত আমির

রাজনীতি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের (ইসি) সক্ষমতা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তিনি স্থানীয় সরকার নির্বাচনকে একটি কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার রাতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় সরকার ব্যবস্থায় জনদুর্ভোগ বাড়ছে। প্রশাসক দিয়ে এসব প্রতিষ্ঠান চালানোর ফলে নাগরিক সেবায় বিঘ্ন ঘটছে। ফলে ইসির কার্যকারিতা পরীক্ষার জন্য স্থানীয় সরকার নির্বাচন ছাড়া বিকল্প নেই।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে জামায়াতের সমর্থন রয়েছে।

অনুষ্ঠানে মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মাওলানা ইসলাম উদ্দিন এবং মুফতি আলী হায়দার প্রমুখ।