বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি করেছেন।
শুক্রবার বিকেলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া আবশ্যক। নতুবা জনগণ ঐতিহাসিক দিবসের চেতনায় আবার রাজপথে নেমে আসবে।”
ডা. তাহের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করে জুলাই সনদের আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না, তারা ডাকসু নির্বাচনে পরাজয় এবং স্থানীয় সরকার নির্বাচনে বিরোধিতা করায় এর বিরোধিতা করছে।
বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “জুলাই আন্দোলনের সময় সরকার অবাধ নির্বাচন এবং গণহত্যার বিচার করার প্রতিশ্রুতি দিয়েছিল। নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করবে বলে আশা করা যায়।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম।