জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে নতুন অনৈক্যের অভিযোগ বিএনপির সালাহউদ্দিনের

রাজনীতি
জাতীয় ঐকমত্য কমিশনের জমাকৃত সুপারিশের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, কমিশন ঐকমত্য প্রতিষ্ঠার পরিবর্তে বরং জাতীয় অনৈক্য সৃষ্টির চেষ্টা করেছে। তবে একই সঙ্গে তিনি কমিশনের কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদও জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে যে ৮৪ দফা নির্ধারিত হয়েছিল, সেখানে বিভিন্ন দলের কিছু ভিন্নমত ও ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্টভাবে লিপিবদ্ধ ছিল। সেখানে বলা হয়েছিল, কোনো দল যদি তাদের নির্বাচনী ইশতেহারে এই ভিন্নমতের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে জনগণের ম্যান্ডেট পায়, তবে তারা চাইলে সেসব বাস্তবায়ন করতে পারবে।

তিনি অভিযোগ করেন, “আজ যে সুপারিশমালা উপস্থাপন করা হলো, তাতে ওই নোট অব ডিসেন্টগুলোর কোনো উল্লেখই নেই। অথচ এগুলো মূল সনদের ছাপানো সংস্করণে স্পষ্টভাবে রয়েছে।”

বিএনপির এই নেতা আরও জানান, নতুনভাবে সংযুক্ত করা হয়েছে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের প্রস্তাব—যা আগে কখনো জাতীয় ঐকমত্য কমিশনের আলোচ্যসূচিতে ছিল না এবং এ বিষয়ে কোনো ঐকমত্যও হয়নি।

তিনি মনে করেন, এ ধরনের অপ্রত্যাশিত সংযোজন ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন বিতর্কের জন্ম দিতে পারে এবং জাতীয় ঐকমত্যের পরিবর্তে নতুন অনৈক্যের সৃষ্টি করবে।