বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, "বিএনপি গত ১৬ বছর এ দেশে গণতন্ত্রের মুক্তি ও ভোটের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করেছে। তবে এখন ছাত্ররা ‘নয়ন ভাগা’ দিতে চায়।"
তিনি আজ শনিবার অষ্টগ্রাম উপজেলার পাইলট স্কুল মাটে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।
তিনি বলেন, "এই জমিটা হইছে বিএনপির। এই জমি চাষ করেছে, রোয়া লাগিয়েছে, সার দিয়েছে, সময়মতো সেচ দিয়েছে, জমি নিরানী দিয়েছে, সার ও ডিজেলের দাম দিয়েছে বিএনপি, আর এখন ফসল তোলার সময় হয়েছে।"
তিনি আরও বলেন, "দেশে নতুন দাওয়াল (ধান কাটার শ্রমিক) আইছে তারা আমাদের হাওড়ে যখন অকাল বন্যা হয়, তখন কৃষক দিশেহারা হয়ে স্থানীয় দাওয়ালদের কাছে ধান কেটে দেওয়ার কথা বললে তারা বলে কিভাবে কাটাবেন, তখন কৃষকরা বলে আট ভাগে এক ভাগ। তখন দাওয়ালরা বলতো ‘নয়ন ভাগা’ হলে কাটতে যাব। মানে হলো দাওয়ালরা জমির ধান কেটে নিবে আর কৃষকরা শুধু চেয়ে চেয়ে দেখবে। বর্তমানে বাংলাদেশে আমাদের ছাত্র ছেলেরা যারা ক্ষমতায় আছে, তারা বিএনপিকে নয়ন ভাগা দিতে চায়।"
এছাড়া সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাইদ হোসেন, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমেশ গোপ, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি আবু ছালেক, ধনপুর ইউনিয়নের সভাপতি ভজন কান্তি দাস, উপজেলা যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম অপু, শিহাব উদ্দিন টিপু, আবুল কালাম আজাদ, ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট তানজিদ সিদ্দিকী রিয়াদ।
থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।