চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো বাসা থেকে বের হলেন খালেদা জিয়া

রাজনীতি
চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার রাতে প্রথমবারের মতো গুলশানের বাসা থেকে বের হয়েছেন। রাত ৯টার দিকে তিনি নিজের বাসভবন ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় রওনা হন। শামীম এস্কান্দারের বাসা গুলশান-২ নম্বর এলাকার কাছাকাছিই অবস্থিত।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নিতে খালেদা জিয়া ভাইয়ের বাসায় গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নীল রঙের একটি গাড়িতে করে খালেদা জিয়া বাসা ত্যাগ করেন। গাড়িতে তাঁর বড় পুত্রবধূ জুবাইদা রহমানসহ পরিবারের আরও কয়েকজন সদস্য ছিলেন।

উল্লেখ্য, ৬ মে সকালে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। দেশে ফিরে তিনি বিশ্রামে ছিলেন, আজই তিনি প্রথম বাইরে বের হলেন।