বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামীতে সরকার গঠন করতে পারলে স্কুল-কলেজের গ্রীষ্মকালীন ছুটি বা সামার ভ্যাকেশন কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য ‘কর্মমুখী শিক্ষার কোর্স’ চালু করা হবে।
মঙ্গলবার বিকেলে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা আয়োজিত "রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা" শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, “গ্রীষ্মের ছুটির সময় আমরা কোর্সগুলো পরিচালনা করতে পারি। যদিও শিশুরা প্রথমে বিরক্ত হতে পারে, কিন্তু তাদের উপকারের দিকটা মাথায় রাখতে হবে। সময়টাকে কার্যকরভাবে কাজে লাগানো যাবে।”
শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে, শিক্ষার্থীদের দেশপ্রেম ও নেতৃত্বগুণে উদ্বুদ্ধ করতে স্কাউট, বিএনসিসি, খেলাধুলা এবং জ্ঞানভিত্তিক শিক্ষা (নলেজ-বেইজড লার্নিং) সীমিত আকারে বাধ্যতামূলক করার ভাবনাও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, “একসময় স্কুলে স্কাউট ও বিএনসিসি ছিল। এসবের মাধ্যমে ছাত্রছাত্রীরা ডিসিপ্লিন শিখত। আমরা যদি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারি, তাহলে এসব বিষয় পুরোদমে চালু করব।”
তারেক রহমান প্রাথমিক শিক্ষার গুরুত্ব এবং শিক্ষক বেতনের স্বল্পতার বিষয়েও কথা বলেন। তিনি বলেন, “বর্তমান সময়ে শিক্ষকদের বেতন পর্যাপ্ত নয়। আমরা এই খাতেও উন্নয়ন আনতে চাই।”