ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশব্যাপী প্রতিবাদ র্যালির কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, রাজধানী ঢাকায় র্যালিটি বিকেল ৪টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে শুরু হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।
এ উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও প্রস্তুতি সভা করছে। আজ সকাল থেকেই নয়াপল্টন কার্যালয়সহ মহানগর বিএনপির বিভিন্ন শাখা কার্যালয়ে এসব সভা অনুষ্ঠিত হচ্ছে।
এ কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-কে চিঠি দিয়েছে বিএনপি।