গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির দিনাজপুরে আটক

রাজনীতি
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর শহর থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে শহরের ঈদগাহ বস্তি এলাকার দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। বেশ কয়েকটি বাসায় তল্লাশি চালিয়ে তাকে সন্ধান মেলে।

পুলিশ জানায়, সারোয়ার কবির গত ১ মার্চ থেকে দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকায় তার ভগ্নিপতি আলতাফ হোসেনের বাসায় আত্মগোপনে ছিলেন। আলতাফ হোসেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপ-বিদ্যালয় পরিদর্শক। রাত সোয়া ৯টায় সেখান থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার কবির এর আগে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগেও তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গাইবান্ধায় দায়ের করা দুটি মামলায় বর্তমানে তিনি আসামি। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।