ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: সালাহউদ্দিন আহমদ

রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জাতীয় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, কমিশন সম্প্রতি সরকারকে যে সুপারিশ প্রদান করেছে, তাতে তাদের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার রাজধানীর হোটেল লেকশোরে অনুষ্ঠিত ‘From Rule by Power to Rule of Law: Transition to a Democratic Bangladesh’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, “গত ১৭ অক্টোবর কমিশনের দেওয়া সুপারিশে জুলাই সনদের পূর্ণ প্রতিফলন দেখা যায়নি। বরং দেখা যাচ্ছে, ঐকমত্য কমিশন, সরকার এবং আরও কয়েকটি রাজনৈতিক দল এখন একই পক্ষে অবস্থান নিয়েছে। এটি রেফারির নিরপেক্ষ ভূমিকার পরিপন্থী—রেফারিকে আমরা কখনও গোল দিতে দেখি না, কিন্তু এখন মনে হচ্ছে তারা খেলোয়াড় হয়ে উঠেছেন।”

বিএনপি কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে হতাশ—উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, “কমিশন ও সরকারের পদক্ষেপগুলো বিএনপির প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জুলাই সনদে যা স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলের সঙ্গে সুপারিশগুলোর সামঞ্জস্য নেই। বলা হয়েছে, ৪৮ দফা বিষয়ে গণভোট হবে, কিন্তু সে বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। তাহলে এতদিনের আলোচনার উদ্দেশ্য কী ছিল?”

তিনি আরও বলেন, “যা নিয়ে ঐকমত্য হওয়ার কথা ছিল, তা বাস্তবায়নের নিশ্চয়তা নেই। এখন কমিশন ও কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাবই গুরুত্ব পাচ্ছে। এতে ঐক্যের পরিবর্তে জাতিতে বিভক্তি তৈরি হবে।”

আরপিও ও জোটের প্রতীক প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “জোটভুক্ত দলগুলোকে এখন বাধ্যতামূলকভাবে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে বলা হচ্ছে। অথচ পূর্বে জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ ছিল। আমরা দেখছি, কিছু দল এ সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিচ্ছে, যা হতাশাজনক।”

তিনি আশা প্রকাশ করেন, “বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করে নিরপেক্ষতা বজায় রাখবে।”
সালাহউদ্দিন আহমদ শেষ করেন এই বলে, “আমরা কমিশন ও সরকারের কর্মকাণ্ডে হতাশ, তবে জাতীয় ঐক্যের স্বার্থে আমরা এখনও সংলাপ ও সহযোগিতার দ্বার বন্ধ করে দিইনি।”