রাজধানীর উত্তরায় বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার উত্তরা জোনের উদ্যোগে আজমপুরস্থ আমির কমপ্লেক্স চত্বরে আয়োজিত এই সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের উত্তরা জোনের সভাপতি আল্লামা নাজমুল হাসান কাসেমী এবং পরিচালনা করেন মুফতি গিয়াস উদ্দীন আল মাদানী ও মাওলানা আমির উদ্দীন ফয়জী। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি মুহিউদ্দীন মাসুম, শাইখুল হাদীস আনীসুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ইসলামবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বর্তমান নারী কমিশন। তারা দাবি করেন, এই কমিশনের কাজকর্ম কুরআন ও ইসলামবিরোধী এবং নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠা করার অপচেষ্টা। বক্তারা কুরআনবিরোধী নারী কমিশন বাতিলের দাবি জানিয়ে বলেন, তা না হলে ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য হেফাজতের মহাসমাবেশ থেকেই দেশব্যাপী ঈমানী আন্দোলনের সূচনা হবে।
বক্তারা সরকারকে হুঁশিয়ার করে বলেন, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের মতো ‘কুফরি’ মতবাদ বাদ দিয়ে এক আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করতে হবে। তা না হলে যেকোনো পরিস্থিতির দায়ভার সরকারকে নিতে হবে।
সমাবেশ থেকে বৃহত্তর উত্তরার ওলামা-মাশায়েখ, মসজিদের ইমাম, মাদরাসার মুহতামিম ও মুসল্লীদের ৩ মে-র মহাসমাবেশে যোগদানের আহ্বান জানানো হয়।