জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা দেশের বিভিন্ন খাত ধ্বংসের পেছনে কাজ করছেন। তিনি বলেন, যদি নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে ‘জাতীয় ঐকমত্য কমিশনের’ সুপারিশ গ্রহণ না করা হয়, তবে আন্দোলনের মাধ্যমে এই তিন উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে।
বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এনসিপির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "শিক্ষা খাত ধ্বংসে ওয়াহিদউদ্দিন আহমদ, আর্থিক খাতকে পঙ্গু করতে সালেহউদ্দিন আহমদ এবং আইনব্যবস্থা ভেঙে দিতে আসিফ নজরুল কাজ করছেন। গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।"
তিনি আরও বলেন, "আমরা যে সুপারিশমালা দিয়েছি তা না মানলে বড় কর্মসূচির মাধ্যমে এই উপদেষ্টাদের পদত্যাগ নিশ্চিত করব। নির্বাচন কমিশনের বর্তমান কাঠামো মেনে কোনো জাতীয় নির্বাচনে যাবে না এনসিপি। স্থানীয় নির্বাচন আগে করতে হবে, এটাই আমাদের অবস্থান।"
বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন, যেমন: “ইসি তুই দলকানা, ইসি তুই চলে যা”, “ফ্যাসিবাদের কমিশন, মানি না মানব না”, ও “খুনি হাসিনার কমিশন, মানি না মানব না”। সমাবেশের আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর শাখা।
থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।