নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইউরোপীয় ইউনিয়নের আটটি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির পক্ষ থেকে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
ইউরোপীয় ইউনিয়নের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, এনসিপির নেতৃত্বের সঙ্গে ইইউ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাদের অব্যাহত সমর্থন এবং এনসিপির দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেছে।
এদিকে, ডা. তাসনিম জারা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এই বৈঠকে অংশগ্রহণের অভিজ্ঞতা শেয়ার করে জানান, “ইউরোপীয় ইউনিয়ন এবং স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূতদের সঙ্গে মতবিনিময় সভায় আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে অংশ নিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।”