জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আমরা কখনও আপস করিনি, আর দেশ গঠনের যাত্রায়ও করব না।"
জুলাই পদযাত্রার সপ্তম দিনে, আজ নাটোরের স্বাধীনতা চত্বরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জানান, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ইশতেহার ঘোষণা করা হবে, যেখানে থাকবে দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির রূপরেখা।
তিনি বলেন, "দেশে মৌলিক সংস্কার এখন সময়ের দাবি। এই সংস্কারের মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে চাই—যেখানে গণতন্ত্র, সমতা ও ইনসাফ থাকবে। এটি তরুণ প্রজন্মের স্বপ্ন।"
নাহিদ ইসলাম আরও বলেন, "রাষ্ট্রকে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে হবে। এ নিয়ে আমরা কোনো ধরনের টালবাহানা মেনে নেব না। গণঅভ্যুত্থানের শহীদদের মর্যাদা দিতে হবে, এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এবং নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুর মান্নাফ।