আবেগ নয়, দূরদৃষ্টি নিয়ে সিদ্ধান্ত নিন: অন্তর্বর্তী সরকারের প্রতি রিজভীর আহ্বান

রাজনীতি

আন্তর্বর্তী সরকারকে আবেগপ্রবণ না হয়ে সুদূরপ্রসারী চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘দূরদর্শিতা ছাড়া নেওয়া সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে। তাই আবেগ নয়, বাস্তবতা বিবেচনায় রেখে শিক্ষা, স্বাস্থ্য ও কল্যাণমুখী পদক্ষেপ নিন।’

আজ সোমবার আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, ‘উড়াল সেতু বা মেগা প্রকল্প কি আমরা খেয়ে ফেলব? সাধারণ মানুষের জীবনমান না বাড়ালে এসব প্রকল্পের বাস্তব উপকারিতা কী?’

রিজভী বলেন, দেশের যে বিপুল অর্থ লুটপাট ও পাচার হচ্ছে, তার অর্ধেক যদি স্বাস্থ্য খাতে বিনিয়োগ হতো, তাহলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আমূল পরিবর্তন সম্ভব হতো। তিনি নার্সদের অবহেলিত অবস্থারও সমালোচনা করেন। বলেন, ‘তিন শিফটে কাজ করা নার্সদের নেই আবাসনের সুযোগ, নেই প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট।’

স্বাস্থ্য খাতকে জাতীয় বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়ে রিজভী বলেন, ‘কেন আমি ডলার খরচ করে বিদেশে যাব? কেন সেই দেশের বিরুদ্ধে কথা শুনে তাদেরই চিকিৎসা খাতে টাকা দেব? বরং সেই অর্থ আমাদের দেশের চিকিৎসক ও নার্সদের পেছনে খরচ করলেই দেশের মানুষ আর বিদেশমুখী হতো না।’

সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম, জাহানারা পারভিন, আবদুস সাত্তার পাটোয়ারী, সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল।