আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ

রাজনীতি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ চলমান থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন পরিষদের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রাত ১১টার দিকে যমুনা চত্বরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সংশোধিত আইনে বলা হয়েছে, ট্রাইব্যুনাল এখন থেকে যে কোনো রাজনৈতিক দল, তার সহযোগী সংগঠন কিংবা সংশ্লিষ্ট সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের কর্মীদের সুরক্ষা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের অনলাইন ও অফলাইন সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই সিদ্ধান্ত কার্যকর করতে শিগগিরই একটি সরকারি পরিপত্র জারি করা হবে।

এছাড়াও, বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চূড়ান্তভাবে প্রণয়ন ও প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।