ইতিহাস গড়ল প্রবাসীরা , মার্চে ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স

ব্যবসায়-বাণিজ্য

চলতি বছরের মার্চ মাসে দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৯ কোটি মার্কিন ডলারে, যা দেশের ইতিহাসে কোনো একক মাসে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্স।

রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুধু মার্চ মাসেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩ বিলিয়ন ডলারেরও বেশি, যা আগের যেকোনো মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এর আগের মাস, ফেব্রুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৫৩ কোটি ডলার, আর গত বছরের ডিসেম্বরে এসেছিল ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত প্রতি মাসে রেমিট্যান্সের ধারা ছিল নিম্নরূপ:

জুলাই: ১৯১ কোটি ৩৭ লাখ ডলার

আগস্ট: ২২২ কোটি ১৩ লাখ ডলার

সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪১ লাখ ডলার

অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ডলার

নভেম্বর: ২২০ কোটি ডলার

ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার

জানুয়ারি: ২১৯ কোটি ডলার

ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার

মার্চ: ৩২৯ কোটি ডলার (সর্বোচ্চ)

বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীরা স্বজনদের জন্য বেশি পরিমাণে অর্থ পাঠিয়েছেন। সেই সঙ্গে সরকারের , বৈধ চ্যানেলের ব্যবহার বৃদ্ধি এবং হুন্ডিবিরোধী অভিযানও এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তার ইতিবাচক প্রভাব এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।