নিউজিল্যান্ড সফর থেকে হতাশার সাথে ফিরছে পাকিস্তান ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে পরাজয়ের পর, তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে তারা। তবে মাঠের ব্যর্থতার পাশাপাশি বিতর্কেও জড়িয়েছেন দলের অলরাউন্ডার খুশদিল শাহ।
মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তান ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থামে মাত্র ২২১ রানে। বাবর আজম ৫৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন, তবে কিউই পেসার বেন সিয়ার্স ৩৪ রান খরচ করে ৫ উইকেট নেন, যার ফলে পাকিস্তান অলআউট হয়ে যায় ৪০ ওভারে। সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে সফরকারীরা ফিরল।
ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন খুশদিল শাহ। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে কয়েকজন সমর্থক খুশদিল ও দলের সমালোচনা করেন। এতে ক্ষুব্ধ হয়ে রাগের বশে তিনি সমর্থকদের দিকে তেড়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মী এগিয়ে এসে খুশদিলকে শান্ত করার চেষ্টা করেন। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে, টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচ খেললেও ওয়ানডে সিরিজে খুশদিল শাহ সুযোগ পাননি। তিন ম্যাচেই তিনি সাইড বেঞ্চে বসে ছিলেন।