গাজায় এক মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের অবরোধ ও টানা বোমাবর্ষণের ফলে মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবাহ থমকে গেছে, আর সাধারণ মানুষ এক অবর্ণনীয় মৃত্যুর চক্রে আটকে পড়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজার এই পরিস্থিতিকে 'অন্তহীন মৃত্যুর চক্র' বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, “গাজা এখন একটি হত্যাযজ্ঞের ক্ষেত্র। সাধারণ মানুষের জীবন এক ভয়াবহ মৃত্যুর স্রোতে ভেসে যাচ্ছে। আন্তর্জাতিক সহায়তার অভাবে আমাদের সাহায্য পাঠানোর ক্ষমতা প্রায় শ্বাসরুদ্ধ হয়ে গেছে।”
ইসরায়েলের প্রস্তাবিত সহায়তা পর্যবেক্ষণ ব্যবস্থাকে জাতিসংঘ সরাসরি প্রত্যাখ্যান করেছে, কারণ এটি মানবিক নীতিমালা, নিরপেক্ষতা, এবং স্বাধীনতার প্রতি অসম্মানজনক বলে মন্তব্য করেছেন গুতেরেস। তিনি আরও বলেন, “দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক আইন অনুযায়ী খাদ্য, চিকিৎসা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দেওয়া উচিত, কিন্তু এখন কিছুই হচ্ছে না।”
জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজায় চলমান আগ্রাসনে ইতোমধ্যে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।