বিশ্ববিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে দুর্নীতিমূলক কৌশল অবলম্বনের অভিযোগ এনেছে ওপেনএআই। সংস্থাটি দাবি করেছে, মাস্ক ব্যক্তিগত স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন এবং এর অংশ হিসেবে ওপেনএআই-এর ব্যবসায় হস্তক্ষেপ করছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাস্কের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সিলিকন ভ্যালির দুই শক্তিশালী ব্যক্তিত্বের দ্বন্দ্বকে নতুন মোড় দিয়েছে। উল্লেখ্য, মাস্ক এবং স্যাম অল্টম্যান একসঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করলেও, ২০১৮ সালে মাস্ক প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ান।
গত বছর মাস্ক একটি মামলা দায়ের করে ওপেনএআই-এর করপোরেট কাঠামো পরিবর্তনের প্রক্রিয়া বন্ধের দাবি জানান। তবে সম্প্রতি ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, মাস্ক প্রতিষ্ঠানটিকে নিজের স্বার্থে ব্যবহার করে এআই-এর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দুর্নীতিমূলক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ কারণে তারা পাল্টা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক ইয়ভন গঞ্জালেজ রজার্স ২০২৬ সালের মার্চে মামলার শুনানির তারিখ নির্ধারণ করেছেন। একইসঙ্গে তিনি মাস্কের একটি নিষেধাজ্ঞার আবেদনও নাকচ করেছেন, যেখানে তিনি ওপেনএআই-এর অলাভজনক কাঠামো থেকে লাভজনকে রূপান্তর ঠেকাতে চেয়েছিলেন।