নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
রবিবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালত রুল যথাযথ ঘোষণা করে আইভীর জামিন মঞ্জুর করেন।
আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু জানিয়েছেন, হাইকোর্টের এ আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
এর আগে গত মে মাসে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় আইভীর জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক মিনারুল ইসলাম। পরদিন তার ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ১২ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়। পরে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়।